শিরোনাম

ভোট দেওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক
ভোট দেওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সম্প্রতি জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।

ভোট প্রদান কেবল ব্যক্তিগত মত প্রকাশের মাধ্যম নয়; এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নতুন ভোটারদের জন্য এই অভিজ্ঞতা যেমন আনন্দের, তেমনি দায়িত্বপূর্ণও। নাগরিক অধিকার প্রয়োগের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে অর্থবহ করতে হলে আগে থেকেই কিছু মৌলিক বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

ভোটার আইডি নিশ্চিত করুন

ভোট দেওয়ার জন্য অবশ্যই ভোটার তালিকায় নাম থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র বা ভোটার স্লিপ। ভোটার তালিকায় নাম আছে কিনা, তা আগেই যাচাই করে নেওয়া ভালো।

প্রার্থীদের সম্পর্কে জানুন

ভোট দেওয়ার আগে প্রার্থীদের কর্মসূচি, নীতিমালা ও অতীত কর্মকাণ্ড সম্পর্কে সম্যক ধারণা নেওয়া প্রয়োজন। কেবল পরিচিত নাম বা জনপ্রিয়তার ওপর নির্ভর না করে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়াই হবে বিচক্ষণতার পরিচয়।

ভোট দিতে যা লাগবে

ভোটকেন্দ্রে যেতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। এনআইডি কার্ড বা ভোটার স্লিপই যথেষ্ট। অপ্রয়োজনীয় জিনিসপত্র, বড় ব্যাগ বা স্মার্টফোন না নেওয়াই ভালো।

ভোটের দিনের প্রস্তুতি

ভোটকেন্দ্রের অবস্থান, ভোটগ্রহণের সময়সূচি এবং যাতায়াতের পরিকল্পনা আগেই করে রাখলে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়ানো যায়। পাশাপাশি লাইনে দাঁড়ানোর নিয়ম ও ভোটকেন্দ্রের ভেতরে কী কী নেওয়া যাবে এসব বিষয়ে ধারণা থাকলে চাপ অনেকটাই কমে আসে।

ভোটকেন্দ্রে ছবি তোলা নিষেধ

ভোট দেওয়ার পর বাইরে সেলফি তোলা গেলেও ভোটকেন্দ্রের ভেতরে ছবি তোলা, ভিডিও করা বা চেক-ইন দেওয়া নিষিদ্ধ। ফোন সঙ্গে নিলে কেন্দ্রের ভেতরে প্রবেশের আগে সেটি বন্ধ রাখতে হবে।

নিজের ভোটকেন্দ্র জেনে নিন

নির্ধারিত ভোটকেন্দ্র কোথায়, তা আগেই নিশ্চিত করা জরুরি। অনলাইন প্ল্যাটফর্ম বা স্থানীয় নির্বাচন অফিস থেকে কেন্দ্রের ঠিকানা ও সময়সূচি জানা যায়। এতে অপ্রয়োজনীয় দেরি বা বিভ্রান্তি এড়ানো সম্ভব।

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটি ডাউনলোড করে ন্যাশনাল আইডি কার্ড ও জন্মতারিখ দিয়ে আপনার ভোটের নম্বর সহজেই বের করতে পারবেন।

ভোটের প্রক্রিয়া বুঝে নিন

ভোটার নিবন্ধন থেকে শুরু করে ভোট দেওয়ার প্রতিটি ধাপ সম্পর্কে ধারণা থাকলে আত্মবিশ্বাস বাড়ে। নির্বাচনকর্মীদের নির্দেশনা অনুযায়ী পরিচয় যাচাই শেষে ইভিএম বা ব্যালট ইউনিটে নিজের পছন্দের প্রার্থীর প্রতীকে ভোট দিতে হবে।

গোপনীয়তা রক্ষা করা

ভোট দেওয়ার সময় গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কাকে ভোট দিচ্ছেন, তা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়।

/জেএইচ/