শিরোনাম

ভোটকেন্দ্রে যা করতে পারবেন, যা পারবেন না

ভোটকেন্দ্রে যা করতে পারবেন, যা পারবেন না
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। দেশজুড়ে ইতিমধ্যেই নির্বাচনী আমেজ বিরাজ করছে। এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার ভোটদানে অংশগ্রহণ করবেন। নির্বাচনী তথ্য অনুযায়ী, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।

ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও সংশ্লিষ্টদের পাশাপাশি ভোটারদেরও কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। ভোটারদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা নিম্নরূপ—

ভোটারদের সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। তবে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা বিকাল ৪টার পরেও ভোট দিতে পারবেন। কেন্দ্রে প্রবেশের সময় পার্স ছাড়া অন্য কোনো ব্যাগ নেওয়া যাবে না। মোবাইল ফোন সঙ্গে নেওয়া যাবে, তবে গোপন কক্ষে (মার্কিং প্লেস) ব্যবহার নিষিদ্ধ। কেন্দ্র প্রাঙ্গণে ছবি তোলা যাবে, তবে ভোটের গোপনীয়তা লঙ্ঘন করা যাবে না।

ভোটার যেকোনো শালীন পোশাকে কেন্দ্রে আসতে পারবেন। তবে নেকাব পরিহিত ভোটারের ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করতে পোলিং এজেন্টের অনুরোধে সাময়িকভাবে মুখমণ্ডল উন্মুক্ত করতে হতে পারে। আগ্নেয়াস্ত্র, দাহ্য পদার্থ বা অন্যান্য বিপজ্জনক বস্তু কেন্দ্রে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এনআইডি বাধ্যতামূলক নয়, তবে থাকলে পরিচয় শনাক্তে সুবিধা হবে।

কেন্দ্রে ভোটারের নাম ও ক্রমিক নম্বর যাচাইয়ের পর পোলিং অফিসার আঙুলে অমোচনীয় কালি দেবেন। এরপর প্রিসাইডিং বা পোলিং অফিসার ভোটারকে দুটি ব্যালটপেপার দেবেন– একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। ব্যালট গ্রহণের সময় এর পেছনে সরকারি সিল ও প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কি না তা যাচাই করে নিতে হবে। এরপর নির্ধারিত গোপন কক্ষে গিয়ে ভোট দিতে হবে। পছন্দের প্রার্থীর প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প স্পষ্টভাবে দিতে হবে, যাতে ভোটটি বাতিল না হয়।

গণভোটে ভোটারকে ‘হ্যাঁ’ বা ‘না’ আলাদা ব্যালটে সিল দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালটটি এমনভাবে ভাঁজ করতে হবে যাতে কালি অন্য কোনো প্রতীকে না লাগে। সেক্ষেত্রে লম্বালম্বি ভাঁজ নিরাপদ। ভাঁজ করা ব্যালট নির্দিষ্ট স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলার পর ভোটারকে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে হবে।

/জেএইচ/