শিরোনাম

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের আবার রিমান্ডে

আদালত সংবাদদাতা
ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের আবার রিমান্ডে
আফজাল নাছের। ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে আরও ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় এদিন আফজাল নাছেরকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন আবার তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করলেও আদালত আফজাল নাছেরের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।

সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন। গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

পরদিন জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নিহত হওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওইদিনই তাকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আরো চার দফায় ১১ দিনের রিমান্ডে পাঠানো হয়।

/এফসি/