শিরোনাম

বিশ্ব ধরিত্রী দিবস আজ

সিটিজেন ডেস্ক
বিশ্ব ধরিত্রী দিবস আজ
ছবি: সংগৃহীত

আজ ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ রক্ষার পক্ষে সমর্থন তৈরির উদ্দেশ্যে প্রতি বছর ২২ এপ্রিল দিবসটি পালন করা হয়। ধরিত্রী শব্দটি এসেছে ধরণী বা ধরা থেকে। যার অর্থ পৃথিবী। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য জাতিসংঘ কর্তৃক ধার্য করা একটি দিবসই হলো ধরিত্রী দিবস।

ধরিত্রী দিবসের ইতিহাস

১৯৭০ সালের ২২ এপ্রিল মার্কিন সিনেটর গেলর্ড নেলসন একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেন। জানা যায়, এমন অনুষ্ঠানের পিছনে একটি বড় কারণ ছিল। ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারাতে তৈল নিষ্কাশনের ফলে প্রবল দূষণের ঘটনা তাকে রীতিমতো নাড়া দেয়। গেলর্ড মনে করতেন আমাদের পরিবেশ সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত। গেলর্ডের সেই আহ্বানে অভূতপূর্ব সাড়া মেলে। প্রায় ২ কোটি মানুষ অনুষ্ঠানে যোগ দেয়। এরপর থেকে ওই দিনটিই বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে পালন করা শুরু হয়। এরপর জাতিসংঘ দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশ এই বিশেষ দিন পালন করে।

কেন এই দিবস?

পরিবেশ সচেতনতা বৃদ্ধি: বায়ু দূষণ, পানি দূষণ, বন উজাড়, জলবায়ু পরিবর্তন– এসব বিষয়ে মানুষকে সচেতন করা হয়।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা: বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু সংকটের প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী আলোচনা ও উদ্যোগ বাড়ানো।

জীববৈচিত্র্য সংরক্ষণ: বিভিন্ন প্রাণি ও উদ্ভিদের অস্তিত্ব রক্ষার গুরুত্ব তুলে ধরা।

টেকসই জীবনধারা প্রচার: প্লাস্টিক ব্যবহার কমানো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, গাছ লাগানো– এসব অভ্যাস গড়ে তুলতে উৎসাহ প্রদান।

বৈশ্বিক ঐক্য বিস্তার: বিশ্বের বিভিন্ন দেশ, সংগঠন ও মানুষকে একসঙ্গে এনে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়া।

/জেএইচ/