শিরোনাম

তেল নিতে গিয়ে ট্রাকচাপায় ২ কিশোরের মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা
তেল নিতে গিয়ে ট্রাকচাপায় ২ কিশোরের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রাক চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আরিফ হোসেন ও সোহান আহমেদ।

আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ কর্মকর্তা জাহানুর আলী জানায়, আরিফ হোসেন ও সোহান আহমেদ মোটরসাইকেলে করে তেল নিতে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। এসময় ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছলে মাহিন্দ্র গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তারা রাস্তায় ছিটকে পরে। ওই সময় সামনের দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই দুই কিশোর।

তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

/এসআর/