শিরোনাম

জ্বালানি সংকটে জবিতে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস

জবি প্রতিনিধি
জ্বালানি সংকটে জবিতে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস
একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা। ছবি: সিটিজেন জার্নাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ব্যয় সংকোচনের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় এখন থেকে সপ্তাহে একদিন বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুসরণ করে সভাটি আহ্বান করা হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সাশ্রয়ী করতে সবাইকে সচেতন হতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে এ পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখবেন। দ্রুত সময়ের মধ্যেই বৈশ্বিক এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে সপ্তাহে একদিন বৃহস্পতিবার সকল একাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে জ্বালানি ব্যবহারের তথ্য তুলে ধরে বলেন, সপ্তাহে একদিন পরিবহন কার্যক্রম বন্ধ রাখা গেলে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সাশ্রয় সম্ভব।

এছাড়া সভায় জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা এবং একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন উপস্থিত সদস্যরা।

সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষকবৃন্দ, বহিঃসদস্য, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও গ্রন্থাগারিকসহ সংশ্লিষ্টরা।

/এসআর/