শিরোনাম

ইতালিতে বাংলাদেশি পরিবারের ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইতালিতে বাংলাদেশি পরিবারের ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা
ইতালির রাজধানী রোমে নির্মম হত্যার শিকার কামাল, তার স্ত্রী (ইনসেটে), মেয়ে ও প্রাণে বেঁচে যাওয়া ছেলে

ইতালির রাজধানী রোমে একটি বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ৫ বছর বয়সি এক শিশুও রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই পরিবারের ১৮ বছর বয়সি ছেলে।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে রোম শহরের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন– নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের ৫ বছর বয়সি মেয়ে।

হামলায় গুরুতর আহত ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত।

ঘটনার পর অ্যাপার্টমেন্ট এবং আশপাশের এলাকায় তল্লাশি চালায় ফরেনসিক বিশেষজ্ঞ ও রোম পুলিশের বিশেষ শাখা ‘মোবাইল স্কোয়াড’। তদন্তের অংশ হিসেবে ভবনের বাইরে ফুটপাত এবং একটি গণ-ডাস্টবিন থেকেও বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে এক অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে কামাল, তার স্ত্রী ও ছোট মেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় প্রাণ বাঁচাতে বাসা থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে যান তাদের ১৮ বছর বয়সি ছেলে। কিন্তু হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

প্রতিবেশীরা জরুরি সেবায় খবর দিলে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির কারাবিনিয়ারি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে আগে কোনো ধরনের অপরাধের রেকর্ড ছিল না।

ইতালির স্থানীয় সংবাদমাধ্যম ইল মেসাজ্জেরো জানিয়েছে, তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হত্যাকাণ্ডের সঙ্গে পরিবারের পরিচিত বা ঘনিষ্ঠ কোনও ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে। তবে ইতালির বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বলেছে, এটি এখনও নিশ্চিত নয়। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে এবং খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। তদন্তের স্বার্থে ফ্ল্যাটটি ঘিরে রাখা হয়েছে। হামলাকারীর পরিচয় শনাক্তে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।

/এফসি/