শিরোনাম

অরিজিৎ সিং বললেন, ‘নিজের ওপর অনেক অত্যাচার করেছি’

সিটিজেন ডেস্ক
অরিজিৎ সিং বললেন, ‘নিজের ওপর অনেক অত্যাচার করেছি’
অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত

ছোটবেলা থেকেই মায়ের কাছে গানের হাতেখড়ি অরিজিৎ সিংয়ের। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সাধারণ এক ছেলে থেকে আজ তিনি কোটি ভক্তের প্রিয় কণ্ঠশিল্পী। প্রেম, বিরহ কিংবা জীবনের কঠিন বাস্তবতা সব আবেগই যেন জীবন্ত হয়ে ওঠে তার গানে।

তবে এই সাফল্য সহজে আসেনি। নিজের কণ্ঠস্বরকে কাঙ্ক্ষিত রূপ দিতে একসময় নিজের ওপর ব্যাপক ‘অত্যাচার’ করেছিলেন বলে জানিয়েছেন অরিজিৎ সিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন তিনি। গায়ক জানান, পেশাদার জীবনের শুরুতে নিজের গলার স্বর মোটেও পছন্দ হতো না তার। এমনকি সে সময় অনেকের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল।

অরিজিৎ সিং বলেন, ‘আগে আমার আওয়াজ অনেকেই পছন্দ করতেন না। আমি অনেকটা স্থাপত্য নির্মাণের মতো কেটে কেটে নিজের গলাটা তৈরি করেছি। গলার পেশিগুলোকে কাঙ্ক্ষিত ছাঁচে ফেলতে নিজের ওপর অনেক অত্যাচার করেছি।’

তিনি আরও বলেন, নিয়মিত রেওয়াজ করতে করতে অনেক সময় সব সীমা ছাড়িয়ে যেতেন। ‘সারা রাত এমনভাবে প্র্যাকটিস করতাম যে ক্লান্তিতে গলা ভেঙে বসে যেত,’ বলেন এই শিল্পী।

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে আশিকী ২ সিনেমার গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান অরিজিৎ সিং। তবে সেই সাফল্যের পেছনে ছিল দীর্ঘ সংগ্রাম, কঠোর অনুশীলন এবং নিজেকে বারবার নতুন করে গড়ে তোলার গল্প।

নিজের স্বকীয়তা ধরে রাখতে এবং গলায় কাঙ্ক্ষিত আবেগ ফুটিয়ে তুলতেই দিনের পর দিন এমন কঠোর পরিশ্রম করেছেন বলে জানান তিনি।

/এসএ/