শিরোনাম

বক্স অফিসে চরম বিপর্যয়ের মুখে ‘আলফা’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
বক্স অফিসে চরম বিপর্যয়ের মুখে ‘আলফা’
‘আলফা’ সিনেমার পোস্টার

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান অ্যাকশন থ্রিলার ‘আলফা’ বক্স অফিসে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। মুক্তির প্রথম উইকএন্ডে আশাব্যঞ্জক সাড়া দিলেও, প্রথম সপ্তাহ শেষে আলিয়া ভাট ও শর্বারী ওয়াঘ অভিনীত এই সিনেমাটি ভারতীয় বাজারে তীব্র ব্যবসায়িক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। বিশাল বাজেটের চলচ্চিত্রটি প্রথম সাত দিনে অভ্যন্তরীণ বাজারে ৫০ কোটি রুপির মাইলফলকও স্পর্শ করতে পারেনি, যা এর নির্মাণ স্কেল ও প্রত্যাশার তুলনায় অত্যন্ত হতাশাজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাণিজ্য বিশ্লেষকদের চমকে দিয়ে মুক্তির প্রথম উইকএন্ডে ভারতে প্রায় ৩৪ কোটি রুপি আয় করে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল ছবিটি। তবে কর্মদিবস শুরু হতেই, অর্থাৎ সোমবারেই (৬ জুলাই) এর আয়ে প্রায় ৭০ শতাংশের বিশাল ধস নামে। সেদিন সিনেমাটির ঝুলিতে আসে মাত্র ৩.৮৫ কোটি রুপি। বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, প্রাথমিক ধাক্কা সামলে মঙ্গলবার (৭ জুলাই) সামান্য ইতিবাচক ইঙ্গিত মিললেও বুধ ও বৃহস্পতিবারের পারফরম্যান্স ছিল একেবারেই তলানিতে। মুক্তির সপ্তম দিনে (বৃহস্পতিবার) ভারতীয় বাজারে মাত্র ২.৬০ কোটি রুপি নেট সংগ্রহ করায় প্রথম সপ্তাহ শেষে ‘আলফা’র মোট আয় দাঁড়িয়েছে ৪৭.৫৫ কোটি রুপি। মুক্তির আগে ধারণা করা হয়েছিল এটি আলিয়া ভাটের আগের সফল দুই সিনেমা ‘রাজি’ ও ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’-র রেকর্ড ভেঙে দেবে, কিন্তু বর্তমান বাস্তবতায় সেই মাইলফলকগুলো থেকে অনেক পিছিয়ে রয়েছে ছবিটি।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, বক্স অফিসে ন্যূনতম লাভের মুখ দেখতে হলে সিনেমাটিকে ভারতের বাজারে অন্তত ১০০ কোটি এবং বিশ্বব্যাপী ১৫০ কোটি রুপি গ্রস কালেকশন করতে হবে। তবে সদ্য মুক্তি পাওয়া কমেডি ঘরানার ছবি ‘ধামাল ৪’-এর দাপটে প্রেক্ষাগৃহগুলোতে ‘আলফা’র শো সংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদয় চোপড়ার গল্প এবং শিব রাওয়ালের পরিচালনায় সিনেমাটিতে আলিয়া ও শর্বারী ছাড়া আরও অভিনয় করেছেন ববি দেওল ও অনিল কাপুর। দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে হৃতিক রোশনের ক্যামিও চরিত্র থাকলেও, দুর্বল চিত্রনাট্য ও নেতিবাচক সমালোচনার কারণে জমকালো কাস্টিংও শেষ পর্যন্ত বক্স অফিসের বৈতরণী পার করতে পারছে না।

/এমএকে/