শিরোনাম

স্মার্ট চশমায় প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করলো মেটা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
স্মার্ট চশমায় প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করলো মেটা
মেটার প্রধান মার্ক জাকারবার্গ নতুন স্মার্ট চশমা উন্মোচন করছেন

স্মার্ট চশমা একবার কিনলেই এর সব সুবিধা সীমাহীনভাবে ব্যবহার করা যাবে এ ধারণা থেকে সরে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। স্মার্ট চশমার নির্দিষ্ট কিছু উন্নত ফিচার ব্যবহারের জন্য ‘মেটা ওয়ান’ নামে নতুন একটি সাবস্ক্রিপশন সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। ফলে এসব প্রিমিয়াম সুবিধা দীর্ঘ সময় ব্যবহার করতে চাইলে গ্রাহকদের অতিরিক্ত অর্থ দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে।

মেটার ওয়েবসাইটে প্রকাশিত এক ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন সাবস্ক্রিপশন সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ‘কনভারসেশন ফোকাস’সহ কয়েকটি বিশেষ ফিচার দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। পাশাপাশি তারা পাবেন প্রিমিয়াম গ্রাহকসেবার সুবিধাও।

তবে মেটা জানিয়েছে, স্মার্ট চশমার সাধারণ ব্যবহার বা মৌলিক ফিচারগুলো ব্যবহারের জন্য কোনো ধরনের সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না। তবে উন্নত কিছু সুবিধার ক্ষেত্রে বিনা মূল্যের ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট ব্যবহারসীমা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ‘কনভারসেশন ফোকাস’ ফিচারটি সাধারণ ব্যবহারকারীরা প্রতি মাসে সর্বোচ্চ তিন ঘণ্টা ব্যবহার করতে পারবেন। অন্যদিকে ‘মেটা ওয়ান প্রিমিয়াম’ গ্রাহকদের জন্য এই সীমা বাড়িয়ে মাসে ১৫ ঘণ্টা করা হয়েছে। তবে কোনো মাসে অব্যবহৃত সময় পরবর্তী মাসে যোগ হবে না। অর্থাৎ নির্ধারিত সময়ের কম ব্যবহার করলেও অতিরিক্ত সময় পরের মাসে বহন করা যাবে না।

‘কনভারসেশন ফোকাস’ এমন একটি প্রযুক্তি, যা ব্যবহারকারীর সামনে থাকা ব্যক্তির কণ্ঠস্বর আরও পরিষ্কারভাবে শোনাতে সহায়তা করে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশেও কথোপকথন তুলনামূলক সহজ হয়।

মেটার এক মুখপাত্র জানিয়েছেন, এই ফিচারটি সম্পূর্ণভাবে স্মার্ট চশমার ভেতরেই কাজ করে। এর জন্য ক্লাউডভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবার প্রয়োজন হয় না।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটার নতুন এই সুবিধার সঙ্গে অ্যাপলের এয়ারপডস প্রো–এর ‘কনভারসেশন বুস্ট’ ফিচারের মিল রয়েছে। তবে অ্যাপলের ওই সুবিধা ব্যবহার করতে অতিরিক্ত কোনো সাবস্ক্রিপশন বা অর্থ পরিশোধ করতে হয় না।

/এমআর/