শিরোনাম

ঈদে ব্যাংকগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেনের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
ঈদে ব্যাংকগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেনের নির্দেশ
বাংলাদেশ ব্যাংক। ছবি: সিটিজেন জার্নাল

আসন্ন ঈদুল ফিতরের লম্বা ছুটিতে গ্রাহকদের ভোগান্তি এড়াতে দেশের সব তফসিলি ব্যাংককে তাদের এটিএম বুথগুলোয় পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির সময় যেন গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য ব্যাংকগুলোকে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথের ক্ষেত্রে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে; এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে হবে; পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে এবং বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া পয়েন্ট অব সেলের (পিওএস) ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত এবং জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করার নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে ই-পেমেন্ট গেটওয়ের কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখার কথা বলা হয়। এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়।

ঈদের ছুটি চলাকালীন সময়ে যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে জানানোসহ গ্রাহককে সার্বক্ষণিক হেল্পলাইন সহায়তা এবং ইলেকট্রনিক পদ্ধতিতে সব ধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে সতর্ক করতে প্রচার-প্রচারণা চালানোর কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে।

/এফসি/