শিরোনাম

স্বর্ণের দাম ভরি প্রতি কমলো ৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
স্বর্ণের দাম ভরি প্রতি কমলো ৩ হাজার টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি ২ লাখ ৬৫ হাজার টাকার নিচে নেমে এসেছে।

সোমবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি বিক্রি হবে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হবে ৬ হাজার ৩৫৭ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারের প্রভাবেও দেশের বাজারে স্বর্ণের দামে ওঠানামা দেখা যাচ্ছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লেও আজ কিছুটা কমেছে।

স্বর্ণ ও রুপার দামের আন্তর্জাতিক তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ৯০ ডলার। রবিবার যা ছিল ৫ হাজার ১৭০ ডলার।

এর আগে গত ৩০ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়তে থাকায় গত মাসের শেষের দিকে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ দাম বাড়ানো হয়েছিল। গত ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।

/এসএ/