শিরোনাম

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি

সিটিজেন ডেস্ক
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

বাংলাদেশ সময় সোমবার (৯ মার্চ) রাত সোয়া তিনটার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টের ভোটে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ইরানের সংবিধান অনুযায়ী ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেন। পরিষদটি নতুন নেতার প্রতি দেশবাসীকে সমর্থন জানানোর আহ্বানও জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার স্ত্রী ও মেয়েসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারান বলে জানা যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা সর্বোচ্চ নেতা থাকার সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিভিন্ন সময় আলোচনায় এসেছে।

আয়াতুল্লাহ আলি খামেনি বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়ার পর থেকেই অনেক বিশ্লেষক মোজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছিলেন। বর্তমানে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি অবশ্য নিজে কখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে মন্তব্য করেছিলেন, মোজতবা খামেনি যদি ইরানের সর্বোচ্চ নেতা হন, তবে তা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, ইরানের নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সরাসরি সম্পৃক্ত করা উচিত। তবে ট্রাম্পের এ বক্তব্যকে গুরুত্ব না দিয়ে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলেকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানের প্রথম সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তার মৃত্যুর পর ১৯৮৯ সালে এ দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলি খামেনি। সাম্প্রতিক হামলায় তার মৃত্যুর পর মোজতবা খামেনি দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

/এসএ/