শিরোনাম

অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই
অধ্যাপক সাখাওয়াত আলী খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন। রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে বাসায় নেওয়া হয়েছিল। তবে রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অবসরে যান সাখাওয়াত আলী খান। এরপর পাঁচ বছর তিনি একই বিভাগে সংখ্যাতিরিক্ত (সুপার নিউমারারি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিভাগটির অনারারি প্রফেসর ছিলেন।

শিক্ষাজীবনের পাশাপাশি বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৪১ সালে নরসিংদীর শিবপুর উপজেলায় জন্মগ্রহণ করেন সাখাওয়াত আলী খান। শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার আগে প্রায় এক দশক তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেন।

তিনি কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিষ্ঠাতা সভাপতি এবং সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবেও একাধিকবার দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক সাখাওয়াত আলী খান যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার ৩০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সাংবাদিকতা ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক ছিল তার গবেষণার প্রধান বিষয়।

/এসএ/