শিরোনাম

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

সিটিজেন ডেস্ক
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৬ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৫ দফা, কমেছে ৩১ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

/জেএইচ/