শিরোনাম

রংপুরের আট জেলায় ১২ ঘণ্টা পর জ্বালানি তেল সরবরাহ শুরু

রংপুর সংবাদদাতা
রংপুরের আট জেলায় ১২ ঘণ্টা পর জ্বালানি তেল সরবরাহ শুরু
ছবি: সংগৃহীত

রংপুর বিভাগের আট জেলায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। নীলফামারীতে ট্যাংকলরির ব্যবস্থাপক ও দুই শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি ১২ ঘণ্টা পর রংপুর বিভাগীয় শ্রমিক ইউনিয়ন প্রত্যাহার করে নিয়েছে ।

ওই কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় আজ রবিবার (২৯ মার্চ) রাত ৮টার পর ফের জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে পার্বতীপুর রেল হেড ডিপো। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও শ্রমিক নেতাদের সমন্বয়ে এক সমঝোতা বৈঠকে শ্রমিকদের জামিনে মুক্তি দেওয়ার শর্তে লরি শ্রমিকদের আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করা হয়।এ তথ্য নিশ্চিত করেন শ্রমিক সংগঠনের সভাপতি আতাউর রহমান।

‎রোববার সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে জ্বালানি তেল উত্তোলন বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়ন। এতে নেতৃত্ব দেন পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিকরা। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।

শনিবার পার্বতীপুর রেল হেড ডিপোর যমুনা কোম্পানি থেকে ব্যবস্থাপক একরামুল হক তেল নিয়ে নীলফামারীর জেলখানা রোডে পৌঁছলে ট্যাংকলরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে লরিটি আটকা পড়লে জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নিয়াজ ভুঁইয়া তেল চুরির অভিযোগে একরামুল হক, ট্যাংকলরির চালক শ্রীকৃষ্ণ ও তার সহকারী রিফাতকে ৬ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। তাদের দণ্ড দেওয়ার বিষয়টিকে ‌হয়রানিমূলক দাবি করে ট্যাংকলরি শ্রমিকেরা রবিবার সকাল আটটা থেকে কর্মবিরতিতে যান।

/বিবি/