শিরোনাম

বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, আটক ৩

পটুয়াখালী সংবাদদাতা
বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, আটক ৩
আটককৃত তিন যুবক। ছবি: সিটিজেন জার্নাল

পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ মে) কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে নিহত তাজুলকে বাড়ির পেছনের বিলে ডেকে নিয়ে দুর্বৃত্তরা। পরে তলপেটে ছুরিকাঘাত করে তাকে ফেলে রেখে যায় তারা। এ সময় তাজুলের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাজুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর সন্দেহভাজন হিসেবে রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) নামে যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আটক তিন যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

/এফআর/