শিরোনাম

দুধ দিয়ে হাত-মুখ ধুয়ে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
দুধ দিয়ে হাত-মুখ ধুয়ে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা
দুধ দিয়ে হাত-মুখ ধুয়ে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হলেন চুয়াডাঙ্গার এক তরুণ

চুয়াডাঙ্গায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ব্রাজিল ফুটবল দলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন এক তরুণ। দুই লিটার দুধ দিয়ে হাত-মুখ ধুয়ে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি গায়ে তুলে তিনি আনুষ্ঠানিকভাবে দল পরিবর্তনের ঘোষণা দেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে চলমান গাইদঘাট প্রিমিয়ার লিগের হাফটাইমে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত দর্শকদের সামনে আর্জেন্টিনার সমর্থকেরা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

দল পরিবর্তন করা ওই তরুণের নাম খালিদ মাহমুদ সুজন (৩০)। তিনি গাইদঘাট গ্রামের বাসিন্দা।

সুজন বলেন, দীর্ঘদিন ধরে তিনি ব্রাজিলের সমর্থক ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সে হতাশ হয়ে স্বেচ্ছায় সমর্থন বদলের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “কেউ আমাকে চাপ দেয়নি। আর্জেন্টিনা যেভাবে মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন করেছে, তা আমাকে মুগ্ধ করেছে। মেসির খেলা, দলের লড়াকু মানসিকতা এবং বিশ্বজুড়ে আর্জেন্টিনার বিপুল সমর্থন আমাকে আকৃষ্ট করেছে। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক।”

আয়োজকদের একজন ও আর্জেন্টিনা সমর্থক রুবেল হাসান বলেন, সুজন নিজেই তাদের কাছে আর্জেন্টিনার সমর্থক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। চলমান গাইদঘাট প্রিমিয়ার লিগকে ঘিরে হাজারো দর্শকের উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় তার হাতে আর্জেন্টিনার একটি জার্সিও তুলে দেওয়া হয়।

জার্সি বদলের পর মাঠজুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। আর্জেন্টিনার সমর্থকেরা আতশবাজি ফোটান, মিষ্টি বিতরণ করেন এবং প্রিয় দলের পক্ষে স্লোগান দিয়ে পুরো মাঠ মুখর করে তোলেন।

/এমআর/