শিরোনাম

‘রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে’

নিজস্ব প্রতিবেদক
‘রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রবিবার (৩১ মে) সকালে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডে বিষয়ে সরকারের হাতে যতটুকু সময় ও ক্ষমতা রয়েছে, তা প্রয়োগ করেছে। বলেছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যেই চার্জশিট দিতে পেরেছি। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব।

তিনি বলেন, আগামীকাল আদালত খুলবে, প্রথম দিনেই এই মামলার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রাখা হয়েছে। এটা আদালতের এখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি।

মো. আসাদুজ্জামান বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলের পক্ষ থেকে ৫ জন সদস্য চাওয়া হয়েছে। এ বিষয়ে তারা পরে সিদ্ধান্ত জানাবেন বলে আমাদের অবহিত করেছেন। বর্তমানে আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। মাদকের বিরুদ্ধে সমাজের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আইনমন্ত্রী বলেন, সারাদেশে ৪ কোটি পরিবারকে ফ্যামেলি কার্ড প্রদান করবে সরকার। এটি আমাদের প্রতিশ্রুতি। দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে এবং পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এছাড়া মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সরকারি ভাতা প্রদানের পরিকল্পনাও নেয়া হয়েছে।

/এসবি/