শিরোনাম

ঝড়ে ডুবে যায় ট্রলার, তিন দিন সাগরে ভেসে ছিলেন আল আমিন

পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালী সংবাদদাতা
ঝড়ে ডুবে যায় ট্রলার, তিন দিন সাগরে ভেসে ছিলেন আল আমিন
উদ্ধার হওয়া আল আমিন হাওলাদার গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন

গভীর বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের মাঝে একটি ফিশিং বয়া আঁকড়ে তিন দিন ধরে ভেসে ছিলেন আল আমিন হাওলাদার। চারদিকে শুধু পানি, মাথার ওপর খোলা আকাশ, পেটে খাবার নেই। একে একে সঙ্গীরা হারিয়ে যাচ্ছেন ঢেউয়ের তোড়ে। তিন দিন পর বুধবার সন্ধ্যায় ভোলার ঢালচর এলাকার কাছে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করেন।

পরে তাকে প্রথমে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্বজনেরা বৃহস্পতিবার রাতে তাকে পটুয়াখালীর গলাচিপা উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। আল আমিন উপজেলার গজালিয়া ইউনিয়নের ইছাদি গ্রামের চান্দু হাওলাদারের ছেলে। জীবিকার তাগিদে গত ৪ জুলাই আরও ১০ জন জেলেকে নিয়ে ইলিশ শিকারে গভীর সমুদ্রে যান তিনি। রাতের দিকে কুয়াকাটা উপকূলে মাছ ধরার সময় হঠাৎ প্রবল ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়।

জেলে আল-আমিন হাওলাদার বলেন, জীবিকার তাগিদে আমরা ১১ জন জেলে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যাই এবং ঘটনার দিন রাতে কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণে গভীর সাগরে জাল ফেলছিলাম। এ সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয় এবং ঝড়ের কবলে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলার মালিক এমাদুল সিকদার ও আমিসহ ৮ জন ট্রলারের বাইরে থাকায় সহজেই বের হতে পেরেছিলাম। তবে ট্রলারের ভেতরে কেবিনে থাকায় ফোরকান হাওলাদার ও তার ছেলে সায়েম হাওলাদার এবং পানপট্টি এলাকার এবাদুল হক বের হতে পারেননি।

তিনি আরও বলেন, সাগরের ঢেউয়ে এক সময় ট্রলার মালিক এবাদুল সিকদার, নাজমুল আলম, মোহাম্মদ বায়েজীদ, শাকিল আহমেদ, রাকিব আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আকাশ, হারুন ও আমি ডুবন্ত ট্রলারের একটি অংশ এবং বয়া আঁকড়ে ধরে ভাসতে থাকি। দুই দিন পর আমাদের ট্রলারের ভিতর থেকে ফোরকান ও এবাদুলের মরদেহ বের হয়ে সাগরে ভাসতে দেখে কান্না করতে থাকি। তিন দিনের ক্ষুধার যন্ত্রণায় চোখে-মুখে অন্ধকার দেখেছি এবং ক্রমেই দুর্বল হয়ে আসে শরীর। শেষ পর্যন্ত সাগরে ভাসতে ভাসতে বুধবার সন্ধ্যা রাতে ভোলার ঢালচর নদ এলাকায় পৌঁছালে স্থানীয় জেলেরা আমাকে উদ্ধার করেন।

গজালিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, বুধবার বিকাল ৩টার দিকে ভোলার শশীভূষণ থানা থেকে ৭০ কিলোমিটার দূরে ঢালচর থেকে আল আমিনকে উদ্ধার করা হয়। বর্তমানে আল আমিন সুস্থ আছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, আল আমিনের শারীরিক অবস্থা দুর্বল হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন তার সার্বিক খোঁজখবর রাখছে।

/এসআর/