শিরোনাম

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশু, নারীসহ নিহত ১৩

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশু, নারীসহ নিহত ১৩
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলায় বেলাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে নয়জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং চারজনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি। গুরুতর আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ বলেন, দুপুরে নৌবাহিনীরে একটি বাস মোংলা থেকে ছেড়ে খুলনার দিকে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে পৌঁছলে বাসটির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ নারীসহ মাইক্রোবাসের ৪ জন মারা যান। স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি: সিটিজেন জার্নাল
বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি: সিটিজেন জার্নাল

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুকান্ত পাল বলেন, হাসপাতালে মোট ৬ জনকে আনা হয়েছে। তাদের মধ্যে ৪ জন আগেই মারা গেছেন। দুইজনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের লাশ এসেছে। এর মধ্যে তিনটি শিশুর, তিনটি নারী আর দুইটি লাশ পুরুষের।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এসআর/