শিরোনাম

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় ২ গেটম্যান বরখাস্ত

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় ২ গেটম্যান বরখাস্ত
ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষ। ছবি: সিটিজেন জার্নাল

কুমিল্লায় ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। রবিবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে তাদের বরখাস্ত করা হয়।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, বরখাস্ত হওয়া দুই গেইটম্যান ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দায়িত্বরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, দায়িত্ব অবহেলার অভিযোগে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দায়িত্বরত হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজতে আমরা দুইটি তদন্ত কমিটি গঠন করেছি।

জানা গেছে, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার ট্রেন ও বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাত পুরুষ, দুই নারী ও তিন শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

/এসআর/