শিরোনাম

কুমিল্লায় মহাসড়কে উল্টে গেলো যাত্রীবাহী বাস, আহত ২০

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় মহাসড়কে উল্টে গেলো যাত্রীবাহী বাস, আহত ২০
দুর্ঘটনাকবলিত বাস

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের কুমিল্লাগামী লেনের পেন্নাই ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। পথে পেন্নাই ইউটার্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের কুমিল্লাগামী লেনের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়।

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস, দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ, গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হননি।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কের কুমিল্লাগামী লেনে যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা দেয়। তবে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

/এফআর/