শিরোনাম

একই পরিবারের ৬ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম সংবাদদাতা
একই পরিবারের ৬ মাদক কারবারি গ্রেপ্তার
গ্রেফতারকৃত ৬ মাদক কারবারি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় পৃথক অভিযানে একই পরিবারের ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন– হারেজা বেগম, আব্দুর রহিম, খালেদা বেগম, নুর বেগম, লিজা আক্তার এবং অজ্ঞাতনামা আরও এক নারী সদস্য।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে, গত ৫ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পলাতক আসামি হারেজা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে, ভোর ৫টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাতে একই এলাকার অন্য একটি বাসায় অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার ও ইয়াবা জব্দ করা হয়।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। তারা মূলত কক্সবাজার সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করত। পরে তা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করত।

তিনি বলেন, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১৫টি হট বক্স, কুরিয়ারের রিসিট এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে।

/এফআর/