শিরোনাম

রুমিন ফারহানার প্রচারে অংশ নেওয়ায় বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
রুমিন ফারহানার প্রচারে অংশ নেওয়ায় বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেনসহ ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কালীকচ্ছ ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ বলেন, এত দিন নীরবে রুমিন ফারহানার নির্বাচন করতাম। এখন ভালোই হলো, প্রকাশ্যে করব। দলকে ভালোবাসি বলেই যোগ্য প্রার্থীর সঙ্গে আছি। আমরা যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চাই।

জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এখনো কোনো কাগজপত্র পাইনি।

এর আগে একই কারণে গত বুধবার শাহজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়। গত মঙ্গলবার উপজেলার শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি।

রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি এখন হাঁস প্রতীক নিয়ে লড়ছেন।

এই আসনে বিএনপি জোটের প্রার্থী হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিব। তিনি খেজুরগাছ প্রতীকে নির্বাচন করছেন।

/এসআর/