শিরোনাম

মানুষের রাজনীতির প্রতি আকর্ষণ বেশি: স্পিকার

বরিশাল সংবাদদাতা
মানুষের রাজনীতির প্রতি আকর্ষণ বেশি: স্পিকার
সাংবাদিকদের বিফ্র করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ। বাংলাদেশটা স্বাধীন হয়েছে রাজনৈতিক আগ্রহের কারণে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় বরিশাল নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। আশা করি, এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয়, সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক আমি লক্ষ্য করেছি । এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে।

স্পিকার বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র জনতা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়া তন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি গণতন্ত্রের মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।

এর আগে স্পিকার বরিশালের তার শৈশবের সময়ে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন।

এর আগে বরিশাল সার্কিট হাউজে স্পিকারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেখান থেকে ভোলার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

/এসআর/