শিরোনাম

শেবাচিম হাসপাতালের স্টোররুমে আগুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)) হাসপাতালের স্টোররুম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) ১১টার দিকে হাসপাতালের নিচতলায় অবস্থিত স্টোররুমে এ আগুন লাগে।
বরিশাল সংবাদদাতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে আগুন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)) হাসপাতালের স্টোররুম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) ১১টার দিকে হাসপাতালের নিচতলায় অবস্থিত স্টোররুমে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই হাসপাতালের নিচতলার ওষুধের স্টোররুম থেকে ধোঁয়া বের হতে দেখেন রোগীর স্বজনরা। কিছুক্ষণের মধ্যেই আগুনের আভা ও ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করলে তারা চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টোররুমের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুনের লেলিহান শিখা দেখা দিলে অনেকে দ্রুত হাসপাতাল ভবন থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীরাও তৎপর হয়ে ওঠেন।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা যায় স্টোররুম থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।

তিনি বলেন, আগুন বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

/এসআর/