শিরোনাম

হাদি হত্যা: জাতিসংঘের তদন্ত দাবি ইনকিলাব মঞ্চের

ঢাবি সংবাদদাতা
হাদি হত্যা: জাতিসংঘের তদন্ত দাবি ইনকিলাব মঞ্চের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ছবি: সিটিজেন জার্নাল

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের সম্ভাব্য সংশ্লিষ্টতা এবং দেশীয় সহযোগীদের ভূমিকা খতিয়ে দেখতে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতা, দেশীয় খুনিদের শনাক্তকরণ, অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার অগ্রগতি এবং দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদিকে শুধু আওয়ামী লীগের বিরোধিতার কারণে হত্যা করা হয়েছে বলে মনে করলে বিষয়টিকে সীমিতভাবে দেখা হবে। তার দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে আরও বড় ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে, যা তদন্তের মাধ্যমে উদঘাটন করা প্রয়োজন।

তিনি বলেন, ভারত এই হত্যাকাণ্ডে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ব্যবহার করেছে কি না, সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আসা উচিত।

হত্যাকাণ্ডের পর সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন আব্দুল্লাহ আল জাবের। তার অভিযোগ, ঘটনার পরপরই সীমান্ত কার্যকরভাবে সিল না করায় অভিযুক্তরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

তিনি বলেন, হালুয়াঘাট সীমান্ত বাংলাদেশের অন্যতম পরিচিত সীমান্তপথ। বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার হওয়ার কথা থাকলেও তা রাত পর্যন্ত কার্যকর হয়নি। কেন এমনটি ঘটেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে হবে।

গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, অভিযুক্তরা দেশত্যাগের পর তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। এতে রাষ্ট্রীয় সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

আব্দুল্লাহ আল জাবেরের ভাষ্য, হত্যাকাণ্ডের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা প্রয়োজন। এ কারণেই শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ তদন্ত নয়, জাতিসংঘের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত বলে তারা মনে করেন।

তিনি আরও বলেন, জাতিসংঘের তদন্ত দাবিতে যমুনার সামনে কর্মসূচি পালন করতে গেলে তাদের ওপর হামলা করা হয়েছে। তবে এসব ঘটনার পরও তারা আন্তর্জাতিক তদন্তের দাবিতে অনড় রয়েছেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, জাতিসংঘের কাছে পাঠানো তদন্ত-সংক্রান্ত চিঠির বর্তমান অবস্থা জনগণের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করাও জরুরি।

সংবাদ সম্মেলন থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল এবং শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল। এছাড়া আগামী পাঁচ জুমা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

/এমআর/