শিরোনাম

ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’

নিজস্ব প্রতিবেদক
ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’
প্রতীকী ছবি

আগামী ২৬-২৭ এপ্রিল থেকে দেশজুড়ে একটি শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তা স্থায়ী হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বলয়টি আগামী ২৬ বা ২৭ এপ্রিল শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। যা ৭ বা ৮ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত বিরতিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়েছে, বৃষ্টি বলয়টি সিলেট বিভাগে শক্তিশালী আকার ধারণ করতে পারে। সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে এটি অধিক সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এই সময়ে কেবল বৃষ্টিই নয়, দেশের বেশ কিছু জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। একইসঙ্গে বজ্রপাতও হতে পারে। যা প্রাণহানির ঝুঁকি বাড়াতে পারে।

বৃষ্টি বলয়টি সক্রিয় হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আগামী ২৫ বা ২৬ এপ্রিল পর্যন্ত দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে বিডব্লিউওটি।

/এসবি/