শিরোনাম

বিশ্বকাপের আগে ২১ দিনের আইসোলেশনে কঙ্গো দল

নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের আগে ২১ দিনের আইসোলেশনে কঙ্গো দল
ডি আর কঙ্গো ফুটবল দল।

২০২৬ বিশ্বকাপে খেলবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। ইবোলা ভাইরাসের বিস্তারের কারণে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কঙ্গোর খেলোয়াড়দের ২১ দিনের আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প হওয়ার কথা থাকলেও ইবোলা পরিস্থিতির কারণে সেটি বাতিল করা হয়। বর্তমানে বেলজিয়ামে অনুশীলন করছে কঙ্গো দল। সেখানেই তাদের ‘বাবল’ এর মধ্যে থাকতে হবে।

হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, ‘তাদের অবশ্যই এই বাবল বজায় রাখতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নাও পেতে পারে। বিষয়টি নিয়ে আমরা পরিষ্কার বার্তা দিয়েছি।’

জুলিয়ানি আরও বলেন, ‘যদি নতুন কেউ দলের সঙ্গে যোগ দেয়, তাহলে তাদের জন্য আলাদা বাবল থাকতে হবে। কারণ কেউ উপসর্গ নিয়ে এলে পুরো দলের বিশ্বকাপে অংশগ্রহণই ঝুঁকির মুখে পড়তে পারে।’

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, গত ২১ দিনের ভিতর ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান সফর করা অ-আমেরিকান নাগরিকদের দেশে প্রবেশ নিষিদ্ধ।

তবে কঙ্গো দলের সব খেলোয়াড় বিদেশভিত্তিক হওয়ায় এবং কিনশাসার ক্যাম্প বাতিল হওয়ায় বর্তমান নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়ছে না তাদের ওপর।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ৩ জুন বেলজিয়ামে ডেনমার্ক এবং ৯ জুন স্পেনে চিলির মুখোমুখি হবে ডিআর কঙ্গো। ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ।

/টিই/