শিরোনাম

সমালোচনার জবাব দিতে প্রস্তুত পর্তুগাল: দালোত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সমালোচনার জবাব দিতে প্রস্তুত পর্তুগাল: দালোত
সংবাদ সম্মেলনে পর্তুগালের তারকা ডিফেন্ডার দিয়োগো দালোত

কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে তীব্র সমালোচনার মুখে পড়েছে পর্তুগাল ও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এ নেতিবাচক প্রতিক্রিয়া সামলাতে দল আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল বলে জানিয়েছেন পর্তুগিজ তারকা ডিফেন্ডার দিয়োগো দালোত।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে পয়েন্ট হারানোর পর রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তোলেন ফরাসি ও আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অরিঁ। তিনি মন্তব্য করেন, একজন খেলোয়াড়ের ব্যক্তিগত গোলের চেয়ে দলের গোল করাটাই বেশি গুরুত্বপূর্ণ। চারিদিকের এমন তীব্র সমালোচনার মুখে সতীর্থ রোনালদোর পাশে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ রক্ষণভাগের খেলোয়াড়। দালোত জানান, বিশ্বকাপে আসার আগেই ড্রেসিংরুমে এ ধরনের পরিস্থিতি নিয়ে খেলোয়াড়দের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছিল। টুর্নামেন্টে আশানুরূপ ফল না এলে যে সমালোচনার ঝড় উঠবে, তা দলের সবারই জানা ছিল। বিশেষ করে রোনালদোর মতো বিশ্বসেরা তারকা দলে থাকলে সমালোচনার মাত্রা স্বাভাবিকভাবেই অনেক বেশি হয়, যা সামলাতে খেলোয়াড়দের মানসিকভাবে আরও শক্ত থাকতে হয়েছে।

এ পর্তুগিজ ডিফেন্ডারের মতে, বিশ্বকাপের আগের সে সতর্ক আলোচনাই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দলকে ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করেছে। ফলে বাইরের নেতিবাচক মন্তব্যে তারা ভেঙে পড়েননি। তারা প্রমাণ করেছেন দলের ভেতরের ঐক্যে কোনো ফাটল ধরেনি। দালোত স্বীকার করেন যে কিছু সমালোচনা গ্রহণযোগ্য হলেও অনেক মন্তব্যই বাস্তবতাবর্জিত এবং বিষয়গুলোকে অযথা বড় করে দেখানো হয়। তবে দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলে খেলা রোনালদোর এ ধরনের চাপ সামলানোর অভিজ্ঞতা অন্য সবার চেয়ে অনেক বেশি। তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং তরুণদের জন্য অনুপ্রেরণা ও দলের আত্মবিশ্বাসের মূল উৎস। মঙ্গলবার (২৩ জুন) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে নকআউট পর্বে যাওয়ার গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগাল ঘুরে দাঁড়াবে এবং রোনালদো মাঠের পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দেবেন বলে দৃঢ় বিশ্বাস দালোতের।

/এমএকে/