শিরোনাম

আর্জেন্টিনায় মেসির সবচেয়ে উঁচু ভাস্কর্য উন্মোচন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনায় মেসির সবচেয়ে উঁচু ভাস্কর্য উন্মোচন
লিওনেল মেসির সবচেয়ে উঁচু ভাস্কর্য (বাঁয়ে) ও লিওনেল মেসি (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

চলতি বিশ্বকাপে চোখধাঁধানো হ্যাটট্রিক করে ফুটবল দুনিয়ায় নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন লিওনেল মেসি। মাঠের জাদুকরী পারফরম্যান্সের পরপরই এ মহাতারকাকে অনন্য সম্মান জানাতে আর্জেন্টিনায় উন্মোচন করা হয়েছে মেসির সবচেয়ে উঁচু ভাস্কর্য।

দেশটির নিউকুয়েন শহরে স্থানীয় শিল্পী আলদো বেরোইসার অনন্য শৈলীতে নির্মিত হয়েছে এ বিশাল স্মারকটি। এটি উচ্চতার দিক থেকে ভারতের ২১ মিটার উঁচু পূর্ববর্তী মেসি ভাস্কর্যের রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বের সর্বোচ্চ মেসি মূর্তি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিকে আলবিসেলেস্তেদের ৩-০ গোলের বড় জয় এনে দেন এ ফুটবল জাদুকর। সেই অবিস্মরণীয় পারফরম্যান্সের পর দেশজুড়ে নতুন করে শুরু হওয়া মেসি-উন্মাদনার অংশ হিসেবেই এ বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে। ভাস্কর্যটি কেবল মেসির ফুটবলীয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতিই নয়, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার অসামান্য অবদানেরও এক জীবন্ত প্রতীক।

বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ অসংখ্য ব্যক্তিগত অর্জনে ভাস্বর এ কিংবদন্তি নিজেকে দেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ব্যস্ত আর্জেন্টিনা দলের পাশাপাশি দেশের মাটিতে গড়ে ওঠা ই রেকর্ডধারী মূর্তিও এখন কোটি ভক্তের আবেগকে নতুন করে উসকে দিচ্ছে।

/এমএকে/