শিরোনাম

বিশ্বকাপে মাঠে নামার আগে যে বার্তা দিলেন এমবাপ্পে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে মাঠে নামার আগে যে বার্তা দিলেন এমবাপ্পে
ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে আবারও বিশ্বসেরার মুকুট জেতাতে মরিয়া ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তবে কেবল গোল করাই নয়, দলের প্রয়োজনে এবার মাঠের রক্ষণভাগেও (ডিফেন্স) বাড়তি দায়িত্ব নিতে নিজের খেলায় বড় পরিবর্তনের আভাস দিয়েছেন এ ফরাসি ফরোয়ার্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রক্ষণাত্মক ভূমিকা নিয়ে ওঠা দীর্ঘদিনের সমালোচনাকে ইতিবাচকভাবে মেনে নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে ১০৩ ম্যাচে ৮৬টি গোল এবং ১২টি অ্যাসিস্ট করার দুর্দান্ত রেকর্ড থাকলেও, রক্ষণভাগে এমবাপ্পের নিষ্ক্রিয়তা নিয়ে ফুটবল মহলে আলোচনা কম হয়নি। ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে জানিয়েছেন, এ সমালোচনা থেকে মুখ ফিরিয়ে না নিয়ে বরং নিজেকে আরও উন্নত করার সুযোগ হিসেবে দেখছেন তিনি। নিজের খেলার এ ঘাটতি পূরণে আসন্ন বিশ্বকাপকেই বেছে নিয়েছেন ফরাসি অধিনায়ক। তিনি মনে করেন, দলের বৃহত্তর স্বার্থে এবং বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে রক্ষণে তাকে আরও এক ধাপ এগিয়ে আসতে হবে।

এ প্রসঙ্গে নিজের ভাই এথান এমবাপ্পের উদাহরণ টেনে তিনি স্বীকার করেন, রক্ষণাত্মক পরিশ্রমের ক্ষেত্রে এথান তার চেয়েও অনেক বেশি নিষ্ঠাবান। এমবাপ্পে বলেন, ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দেশের সাফল্যই তার কাছে বড়। ফ্রান্স যদি বিশ্বকাপ জেতে, তবে নিজে একটি গোল না পেলেও তার কোনো আফসোস থাকবে না বলেও উল্লেখ করেন এ ফরাসি তারকা। বিশ্বসেরার ট্রফি নিজেদের করে নিতে যেকোনো ত্যাগ স্বীকার এবং মাঠে নিজের সেরাটা দিয়ে সব কিছু নিখুঁতভাবে করতে পুরোপুরি বদ্ধপরিকর এই ফরাসি তারকা।

/এমএকে/