শিরোনাম

ফ্রান্সের বিশ্বকাপ দল নিয়ে যে খবর আশা করেননি কামাভিঙ্গা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ফ্রান্সের বিশ্বকাপ দল নিয়ে যে খবর আশা করেননি কামাভিঙ্গা
ফরাসি ফুটবলার এদুয়ার্দো কামাভিঙ্গা।

২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। বৃহস্পতিবার (১৪ মে) রাতে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের ঘোষণা করা দলে ঠাঁই হয়নি রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গার। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

কাতারে ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হওয়া ফ্রান্স দলের অন্যতম ‍গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কামাভিঙ্গা। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। এবারের বিশ্বকাপ দল থেকে কামাভিঙ্গাকে বাদ দেওয়ার কারণ হিসেবে দেশম বলেন, ‘এটা তার জন্য কঠিন একটি মৌসুম ছিল। সে কম খেলেছে, চোটেও ভুগেছে। খুব অল্প বয়সে সে আমাদের দলে এসেছিল। এখনো সে তরুণ খেলোয়াড়।’

দেশম এরপর যোগ করেন, ‘আমাকে তো কিছু সিদ্ধান্ত নিতেই হয়। দল গঠনে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ—সব জায়গায় ভারসাম্য রাখতে হয়। তবু আমি বুঝতে পারছি, সে কতটা হতাশ হয়েছে।’ বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর কামাভিঙ্গা তাঁর ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিখেছেন, ‘এমন খবর আমি আশা করিনি। কিন্তু ফুটবল এমনই। অবশ্যই এটা হতাশার। তবে আমি বাড়িতে বসে দলকে সমর্থন করে যাব।’

দেশমের বিশ্বকাপ দলে জায়গা হয়নি পিএসজি গোলকিপার লুকাস শেভালিয়েরেরও। পিএসজিতে রুশ গোলরক্ষক মাতেভি সাফোনোভের কাছে শুরুর একাদশে জায়গা হারানো শেভালিয়েরের বাদ পড়াটা অবশ্য অনুমেয়েই ছিল। জানুয়ারির শেষ দিক থেকে যে পিএসজির হয়ে আর মাঠেই নামা হয়নি তার।

ফ্রান্সের আক্রমণ ভাগটা তারকা, অভিজ্ঞতা আর উঠতি তারকায় ঠাসা। কিলিয়ান এমবাপ্পে, ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলের সঙ্গে দলে আছেন তরুণ তারকা দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে, রায়ান চেরকি ও ম্যাগনেস আকালিউশ।

দল ঘোষণার পর দেশম বলেন, ‘আমার উচ্চাকাঙ্ক্ষা আছে, আমি চাই খেলোয়াড়দের মধ্যেও সেটা থাকুক। তবে আমরা যেন বিনয় হারিয়ে না ফেলি। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখি না—এ কথা আমি বলব না। এমন দাবি আরও আট থেকে দশটি দলও করতে পারে। শুধু চিৎকার করে ‘আমরাই সেরা, আমরাই সবচেয়ে শক্তিশালী” বললেই তো আর কিছু হয়ে যায় না।’

দেশমের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড জাঁ–ফিলিপ মাতেতা। এই ফরোয়ার্ডকে জায়গা দিতে বাদ পড়েছেন গত বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তে ওয়ান টু ওয়ানে এমিলিয়ানো মার্তিনেজকে ফাঁকি দিয়ে গোল করতে না পারা রানদাল কোলো মুয়ানি। দারুণ এক মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন গোলরক্ষক রবিন রিসার। লাঁসের হয়ে খেলা রিসার এ মৌসুমে ফরাসি লিগের অন্যতম আবিষ্কার। চলতি সপ্তাহেই তিনি সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন।

লিগ আঁ-তে লাঁসের দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে দারুণ ভূমিকা ছিল তার। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই তাকে বিশ্বকাপ দলে নিয়েছেন দেশম। তবে দলে তিনি থাকবেন তৃতীয় গোলরক্ষকের ভূমিকায়। তার ওপরে আছেন মাইক মাইনিয়ঁ ও ব্রিস সাম্বা।

২০২৬ বিশ্বকাপের ফ্রান্স দল

গোলরক্ষক: মাইক মাইনিয়ঁ, ব্রিস সাম্বা, রবিন রিসার।

রক্ষণ: লুকা দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।

মাঝমাঠ: এনগোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি ও ওয়ারেন জায়ারে-এমেরি।

আক্রমণ: ম্যাগনেস আকালিউশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, জ্যঁ-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কোস থুরাম।

/আরএ/