শিরোনাম

লাল কার্ড থেকে বিশ্বজয়, আকাশী-সাদা জার্সিতে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
লাল কার্ড থেকে বিশ্বজয়, আকাশী-সাদা জার্সিতে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
লিওনেল মেসি।

আন্তর্জাতিক ফুটবলে এক অভাবনীয় কীর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন এ ফুটবল জাদুকর। দুই দশকেরও বেশি সময় ধরে আলবিসেলেস্তেদের হয়ে মাঠ মাতানো মেসির এ ঐতিহাসিক মুহূর্তটির দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে গোটা ফুটবল দুনিয়া।

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে এক প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে মাত্র ২৫ মিনিটের মাথায় লাল কার্ড দেখার তিক্ত স্মৃতি দিয়ে শুরু হয়েছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার। সেই দুঃসহ সূচনাকে পেছনে ফেলে আজ তিনি বিশ্ব ফুটবলের অবিসংবাদিত সম্রাট। এ পর্যন্ত খেলা ১৯৯টি ম্যাচে ১৬ হাজার ৩৮০ মিনিট মাঠে থেকে মেসি উপহার দিয়েছেন ১১৭টি গোল ও ৬৪টি অ্যাসিস্ট। দীর্ঘ পথচলায় ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে হারের চরম বেদনা যেমন রয়েছে, তেমনি রয়েছে ২০২২ সালের কাতার বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের মতো অমর সব গৌরব।

মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের একটি বড় অংশ কেটেছে লাতিন আমেরিকার কঠিন সব প্রতিযোগিতার মধ্য দিয়ে। যার মধ্যে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে ৭২ ম্যাচে ৩৬ গোল ও ১৪ অ্যাসিস্ট, বিশ্বকাপে ২৬ ম্যাচ এবং কোপা আমেরিকায় ৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ২২৮টি ম্যাচ খেলার রেকর্ড নিয়ে সবার উপরে আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মেসির ২০০তম ম্যাচের মাইলফলককে ছাপিয়ে ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মেগা ফাইনালের দিকেই এখন সবার মূল আকর্ষণ। এ টুর্নামেন্টের পর মেসি, রোনালদো কিংবা লুকা মদ্রিচের মতো কিংবদন্তিরা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন কি না, তা নিয়ে চারদিকে গুঞ্জন ছড়ালেও এলএমটেন নিজে এখনো অবসরের কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি। আপাতত ফুটবলপ্রেমীরা মুখিয়ে আছেন প্রিয় তারকার ক্যারিয়ারের আরেকটি নতুন ও চিরস্মরণীয় অধ্যায় দেখার জন্য।

/এমএকে/