শিরোনাম

হরমুজে শুল্ক আরোপের খবর ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল: ভ্যান্স

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজে শুল্ক আরোপের খবর ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল: ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস

দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে চলা সংঘাত ও উত্তেজনার পর অবশেষে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সোমবার (১৫ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসঙ্গে হরমুজ প্রণালি খোলা ও ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে দেওয়ার নির্দেশও দিয়েছেন।

এরপর ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ সমঝোতা স্মারকে থাকা ১৪টি বিষয় প্রকাশ করে। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, ৩০ দিনের মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর দেওয়া মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের আশপাশ থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রত্যাহার।

এছাড়া ইরানের ব্যবস্থাপনায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের জন্য কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলার মূল্যের পুনর্গঠন পরিকল্পনা প্রদান করবে। আর ইরানের তেল ও জ্বালানি পণ্যের ওপর থাকা নিষেধাজ্ঞার অবসান ঘটানো হবে।

তবে আলোচনা চলাকালীন হরমুজ প্রণালিতে কোনো টোল থাকবে না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চুক্তিতে বলা হয়েছে যে, চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিন হরমুজ প্রণালিতে টোলমুক্ত প্রবেশাধিকার থাকবে।’

তেহরানের শুল্ক আরোপের পরিকল্পনার খবরগুলোকে ভ্যান্স ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এখানে এটা খুব স্পষ্ট যে ইরানের ভেতরের কিছু গোষ্ঠী ইরানিদের প্রাপ্ত কিছু নির্দিষ্ট সুবিধার ওপর জোর দিতে বা অতিমাত্রায় জোর দিতে চেষ্টা করবে, আর যুক্তরাষ্ট্র যা পায় তার ওপর গুরুত্ব কমিয়ে দেখাবে।’

‘সত্যিটা হলো, টোল নেওয়া হবে না, হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে,’ বলেন ভ্যান্স। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যেই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে টোলমুক্ত যান চলাচলে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাচ্ছি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/