শিরোনাম

‘ধরে ধরে আমাদের বলবেন’, ছাত্রলীগের মিছিল প্রসঙ্গে ইউএনও

নেত্রকোনা সংবাদদাতা
নেত্রকোনা সংবাদদাতা
‘ধরে ধরে আমাদের বলবেন’, ছাত্রলীগের মিছিল প্রসঙ্গে ইউএনও
ইউএনও শফিকুল ইসলাম

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল দেখা গেছে। নেত্রকোনার পূর্বধলা উপজেলায়ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের একটি বক্তব্যের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ইউএনও শফিকুল ইসলাম উপস্থিত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। এ সময় বিএনপির নেতারা ঝটিকা মিছিল প্রসঙ্গে ইউএনওকে জানালে কারা মিছিল করে তিনি জানতে চান। জবাবে বিএনপি নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগ করে। আমরা তাদের মিছিলের প্রতিবাদ করছি।

তখন ইউএনও বলেন, ‘প্রতিবাদ মিছিল কেন করবেন, ধরবেন। ধরে ধরে আমাদের বলবেন।’ এরপর বিএনপির নেতারা বলেন, ‘আমরা তো ছয়জনকে ধরে দিয়েছি।’ তখন ইউএনও বলেন, ‘মিছিল করে, আপনাদের স্থানীয় নেতৃবৃন্দ আছে না, তারা কী করে?’

তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।

এর আগে গত শুক্রবার সকালে পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতেই অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ।

ভিডিওতে পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন ইউএনও শফিকুল ইসলাম। তিনি বলেন, ওইদিন গাছের চারা বিতরণ কর্মসূচি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার কার্যালয়ে এসেছিলেন। কথা বলার একপর্যায়ে অনিচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করেছেন।

ভিডিওতে শুধু বিএনপির নেতাকর্মীদের দেখা যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘অন্য দলের নেতাকর্মীরা একটু পরে এসেছিলেন। তাই তাদের দেখা যায়নি।’

/জেএইচ/