শিরোনাম

ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলো মিসর

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলো মিসর
জয়ের পরে মাঠে সিজদায় মিসরের ফুটবলাররা ও পতাকা হাতে মিসরের কোচ হোসাম হাসান (ইনসেটে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসে প্রথম জয় পাওয়ার পর এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে মিসর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়টি ফিলিস্তিনের জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। ফারাওদের এমন অবিস্মরণীয় জয়ের পর আরব বিশ্বের অন্যান্য দেশের মতো ফিলিস্তিনের সাধারণ মানুষও আনন্দ-উল্লাসে রাতভর উদযাপনে শামিল হন।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর অত্যন্ত সতর্কতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারের ভাগ্যপরীক্ষায় ৪-২ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মিসর। নকআউট পর্বের প্রথম ম্যাচেই এ জয়ের ফলে শেষ ষোলোতে তারা আর্জেন্টিনার মুখোমুখি হবে।

ম্যাচের শুরু থেকেই দুই দলই সাবধানী ফুটবল খেলতে থাকে। তবে ম্যাচের ১৩তম মিনিটে ইমান আশুরের চমৎকার এক হেডে লিড নেয় মিসর। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফিরে আসে অস্ট্রেলিয়া। এরপর ১-১ সমতা ভাঙতে না পারায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে অস্ট্রেলিয়ার হ্যারি সুটার এবং লুকাস হেরিংটন ১২ গজ থেকে শট মিস করলে, মিসরের পক্ষে হোসাম আবদেল মাগিদ অত্যন্ত ঠাণ্ডা মাথায় জয়সূচক স্পট-কিকটি সফলভাবে জালে পাঠান। টানটান উত্তেজনার এ ম্যাচ শেষ হতেই মাঠজুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। জয় নিশ্চিত হওয়ার পরপরই পুরো মিসর দল একসঙ্গে মাঠে সিজদায় লুটিয়ে পড়ে। এরপর প্রধান কোচ হোসাম হাসান মিসর ও ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে প্রবেশ করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফিলিস্তিনিদের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানিয়ে হাসান বলেন, আল্লাহ তাদের বিজয় দান করুন এবং তাদের শহীদদের প্রতি রহম করুন। ফিলিস্তিনের সাধারণ মানুষের লড়াকু মনোভাবের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মিসরের ডাগ আউট প্রধান আরও বলেন, আমি এ ঐতিহাসিক বিজয় মিসরের আপামর জনগণ এবং ফিলিস্তিনের সেই দয়ালু ও সম্মানিত মানুষদের উৎসর্গ করছি।

/এমএকে/