শিরোনাম

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ৭ জনের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের। এরমধ্যে দুজন ঢাকা জেলার। এছাড়া সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে। আর নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন রোগী।

/এসবি/