শিরোনাম

সংসদে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ চাইলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংসদে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ চাইলেন রুমিন ফারহানা
সংসদ অধিবেশনে কথা বলছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সংসদে কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় অন্য পক্ষ বা প্রতিপক্ষের কাছ থেকে বাধা আসা উচিত নয়। সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের নিজ নিজ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ কথা বলেন তিনি ।

রুমিন ফারহানা বলেন, একটি সংসদে সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্যরাও থাকবেন। একেকজনের একেক রকম মত থাকতে পারে। সেই মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকের থাকা উচিত। ২০১৮ সালের সংসদেও আওয়ামী লীগের একক আধিপত্যের মধ্যে বিএনপির পক্ষে কথা বলার সময় আমাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিলো। এরপর কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে সংসদ এনেছি। সেখানে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না ঘটে, তাহলে এই সংসদে বিরোধী দল সেজে শুধু না ভোট দেওয়ার জন্য থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

তিনি বলেন, বিলুপ্ত র‍্যাবের বিষয়ে শুধু আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোই নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছে। তাই র‌্যাবের পরিবর্তে যে নতুন সংস্থা গঠন করা হচ্ছে, সেটি যেন শুধু নাম বা পোশাক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। নতুন সংস্থার তদন্ত ব্যবস্থা, আটক ও গ্রেপ্তারের ক্ষমতা এবং জবাবদিহির বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মাধ্যমে মানুষকে হয়রানি, নির্যাতন ও ভীতসন্ত্রস্ত হওয়ার যে অভিযোগগুলো সামনে এসেছে, ভবিষ্যতে যেন কোনো রাষ্ট্রীয় সংস্থার আচরণে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে হবে।

এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে। আমি আশা করব, এই সংসদে যারা উপস্থিত আছেন এবং যে দলগুলো উপস্থিত আছে, তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে। পুলিশ, র‌্যাবসহ সব রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আইন ও শৃঙ্খলার মধ্যে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

/এসবি/