শিরোনাম

ফোন হ্যাকিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফোন হ্যাকিং নিয়ে এমপিদের  সতর্ক করলেন চিফ হুইপ
সংসদ অধিবেশনে কথা বলছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম

মোবাইল ফোন হ্যাক করে জরুরি টাকা পাঠানোর অনুরোধ জানানো এবং ভয়েস ক্লোন করে প্রতারণার বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, আমাদের একটা ফেস রিডিং ডিভাইস রয়েছে। আমাদের সব লবিতে ফেস রিডিং করা হয়। আমি মাননীয় সব সংসদ সদস্যকে অনুরোধ করবো, যাতে প্রত্যেকে ফেস রিডিং করে হাউজে ঢোকেন। আজ যেহেতু শেষ দিন, সে কারণে যাওয়ার সময় যেন তারা হাউজে তাদের ফেস রিডিং করে দেন। এটা সবার অবগতির জন্য বলছি।

তিনি বলেন, আমি গতকাল এখানে বসে পেয়েছি, আমাদের তিনজন মাননীয় সংসদ সদস্য বলেছে জরুরি ভিত্তিতে ৫০০ টাকা পাঠান, ৩০ হাজার টাকা পাঠান, আবার ২৫ হাজার টাকা পাঠান। যেসব নম্বর থেকে এসব বার্তা পাঠানো হয়েছে, সেসব সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। মানে ফোন হ্যাক হয়েছে।

নুরুল ইসলাম বলেন, আমি সব সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এ ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন হওয়া খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ এই বিষয়টি আপনারা জানলে সারা বাংলাদেশ জানবে বলে আমি মনে করি। আর এই টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানুক-ভয়েস ক্লোন করে এবং কাগজপত্র নিয়ে কিছু মানুষ এই কাজটা করছে ।

এসময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি উত্থাপন করায় চিফ হুইপকে ধন্যবাদ জানান এবং এ ধরনের প্রতারণা ঠেকাতে রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চান।

জবাবে চিফ হুইপ বলেন, এ বিষয়ে ইতোমধ্যে কথা বলেছি। আর যে প্রটেক্টিভ ব্যবস্থা নেওয়া সম্ভব, সেটা অলরেডি বিটিআরসি করার চেষ্টা করছে। গতকালই কথা বলেছি, যাতে এই সমস্যার আমরা সমাধান করতে পারি।

/এসবি/