শিরোনাম

প্রথম ম্যাচের পর নিজেদের দুর্বলতা স্বীকার করলেন আনচেলত্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথম ম্যাচের পর নিজেদের দুর্বলতা স্বীকার করলেন আনচেলত্তি
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

২০২৬ বিশ্বকাপের শুরুটা আশানুরূপ হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে সেলেসাওরা। ব্রাজিলের ইতিহাসের প্রথম বিদেশি কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়ে শুরুটা আশানুরূপ হয়নি তা অকপটে স্বীকার করেছেন ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি। দলের এমন অধারাবাহিক পারফরম্যান্সের পেছনে ফুটবলারদের অতিরিক্ত স্নায়ুচাপ ও মাঠের দুশ্চিন্তাকে দায়ী করেছেন তিনি।

ম্যাচের ২১ মিনিটে মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডার ইসমাইল সাইবারির গোলে প্রথমে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে এর ঠিক ১১ মিনিট পরেই দুর্দান্ত এক গোল করে সেলেসাওদের সমতায় ফেরান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি নিজের অসন্তুষ্টির কথা জানান। তিনি বলেন, প্রথমার্ধে দল একেবারেই গোছানো ফুটবল খেলতে পারেনি। ফুটবলাররা বারবার বলের নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি অনেক ডুয়েলেও হেরেছেন। ফলে মাঠে এক ধরণের ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে খেলায় কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। শক্তিশালী মরক্কোর বিপক্ষে ম্যাচটি কঠিন ছিল উল্লেখ করে তিনি জানান, প্রথম ম্যাচেই কেউ বিশ্বকাপ জিতে যায় না, তাই এই ফলাফলে তিনি পুরোপুরি নাখোশ নন।

আগামী ২০ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচের আগে দলের ভুলত্রুটি সুধরে ভারসাম্য ফিরিয়ে আনা এবং আক্রমণভাগকে আরও ধারালো করার দিকে মনোযোগ দেবেন বলে জানান এ ইতালিয়ান মাস্টারমাইন্ড। তবে প্রথম ম্যাচের এ হোঁচটে দলের আত্মবিশ্বাস কমবে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা ও দলের হার এড়ানো ভিনিসিয়ুস জুনিয়রের ভূয়সী প্রশংসা করে আনচেলত্তি বলেন, ভিনির মাঝে সব ধরণের গুণাবলি রয়েছে এবং এবারের বিশ্বকাপটি তার জন্য দারুণ একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে।

/এমএকে/