শিরোনাম

ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিললো বাজপাখির ভবিষ্যদ্বাণী

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিললো বাজপাখির ভবিষ্যদ্বাণী
ভবিষ্যদ্বাণী করা বাজপাখি ‘শক দ্য হক’। ছবি: গালফ নিউজ

চলতি ফিফা বিশ্বকাপে বড় ম্যাচগুলোর নিখুঁত ফল অনুমান করে ফুটবল বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ‘শক দ্য হক’ নামের বিস্ময়কর বাজপাখি। ক্রীড়াপ্রেমীদের কাছে এটি এখন ‘ফেদার্ড ওরাকল’ বা পালকধারী ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিতি লাভ করেছে। টুর্নামেন্টের শুরু থেকেই জটিল ম্যাচগুলোকে বেছে নিয়ে নিজের মতো করে নিখুঁত আগাম ফলাফল জানিয়ে দিচ্ছে পাখিটি।

মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে শকের প্রথম পরীক্ষা শুরু হয়েছিল, যেখানে তার করা প্রথম অনুমানটিই শতভাগ মিলে যায়। তবে দ্বিতীয় পরীক্ষাটি ছিল তার চেয়েও ঢের কঠিন। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মধ্যকার হাইভোল্টেজ ও টানটান উত্তেজনার ম্যাচটির ফল নির্ধারণ করা শকের জন্য বেশ জটিল ছিল। ভবিষ্যদ্বাণী করার সময় দুই দলের পতাকার সামনে গিয়ে প্রথমে ব্রাজিলের দিকে যাওয়ার আভাস দিলেও, শেষ মুহূর্তে কোনো দলকেই নির্দিষ্ট করে বেছে নেয়নি সে। বাজপাখিটির এ দ্বিধাই মূলত ইঙ্গিত দিচ্ছিল যে দুই দলের মধ্যে শক্তিমত্তার ব্যবধান করা কঠিন এবং ম্যাচটি ড্র হতে চলেছে।

বাস্তবেও ঠিক তাই ঘটেছে। মাঠের লড়াইয়ে ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করায় শকের নিখুঁত পূর্বাভাসের রেকর্ড অক্ষুণ্ণ রয়েছে। টানা দুই ম্যাচে সঠিক ফলাফল দিয়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়ার পর, এবার তার সামনে অপেক্ষা করছে আরও বড় চাপ। মিশর বনাম বেলজিয়ামের মধ্যকার পরবর্তী ম্যাচে এ ‘ফেদার্ড ফোরকাস্টার’ টানা তৃতীয়বারের মতো সফল হতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

/এমএকে/