শিরোনাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত ডোনাল্ড ট্রাম্প ৮০ বছরে পদার্পণ করেছেন। জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের লনে ব্যতিক্রমী ও বিতর্কিত এক কেজ ফাইটের আয়োজন করেছেন তিনি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ৬০ মিলিয়ন ডলার ব্যয়ে আয়োজিত ইউএফসি ফ্রিডম ২৫০ নামের প্রতিযোগিতাটি কাকতালীয়ভাবে ট্রাম্পের জন্মদিনের সঙ্গে মিলে গেছে। হোয়াইট হাউসের সাউথ লনে দ্য ক্ল নামের বিশাল অ্যারেনায় আয়োজিত এই টুর্নামেন্টে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নের ১৪ জন তারকা লড়বেন।

ব্যতিক্রমী এ আয়োজনের নায়ক ডোনাল্ড ট্রাম্প ১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সের এক বিত্তশালী পরিবারে জন্মগ্রহণ করেন। সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী ফ্রেড ট্রাম্প এবং মেরি অ্যান ম্যাকলিওড দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। শৈশব থেকেই অত্যন্ত চঞ্চল ও আগ্রাসী স্বভাবের হওয়ায় মাত্র ১৩ বছর বয়সে তাকে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করে বাবার রিয়েল এস্টেট ব্যবসায় যোগ দেওয়ার পর ১৯৭১ সালে কোম্পানির নিয়ন্ত্রণ নেন এবং এর নাম পরিবর্তন করে রাখেন দ্য ট্রাম্প অর্গানাইজেশন। ম্যানহাটনে ঐতিহাসিক ট্রাম্প টাওয়ার নির্মাণসহ বিলাসবহুল হোটেল, ক্যাসিনো ও গলফ কোর্স তৈরি করে আবাসন খাতের শীর্ষ ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। পাশাপাশি জনপ্রিয় রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিসের উপস্থাপনা তাকে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি এনে দেয়।

ব্যবসায়িক ও প্রচারমাধ্যমের সাফল্যকে পুঁজি করে ২০১৫ সালে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন। মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান দিয়ে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের ৮০তম জন্মদিন উপলক্ষে তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। একইসঙ্গে ইসরায়েলের প্রতি ট্রাম্পের অবিচল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হারজগ উল্লেখ করেন, ইরানের অশুভ সাম্রাজ্যের মোকাবিলায় ট্রাম্পের নেতৃত্ব এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি তার অঙ্গীকারের জন্য ইসরায়েলি জনগণ তার কাছে ঋণী। হোয়াইট হাউসে ট্রাম্পের এইদীর্ঘ পথচলাকে আমেরিকান স্বপ্নের প্রতিফলন আখ্যা দেন তিনি। হারজগ আরও বলেন, গাজার জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ট্রাম্পের নিরলস প্রচেষ্টা তারা কখনো ভুলবেন না। ইসরায়েলি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ট্রাম্পের দূরদর্শী নেতৃত্ব আগামীতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিশেষ অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/