শিরোনাম

তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার
গোল করার পর উদযাপন করছেন নেস্তোরি ইরানকুন্দা।

ভ্যানকুভারের বিসি প্লেস স্টেডিয়ামে চলমান ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে তুরস্কের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেে এ জয় তুলে নিয়েছে অজিরা। দলের পক্ষে গোল দুটি করেছেন নেস্টোরি ইরানকুন্ডা ও কনর মেটকাফ।

গ্রুপে যুক্তরাষ্ট্রের বড় জয়ের পর সমীকরণ মিলিয়ে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল, যেখানে পূর্ণ ৩ পয়েন্ট নিজেদের করে নিল ওশেনিয়ার প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরা অস্ট্রেলিয়া প্রথম সাফল্যের দেখা পায় ২৭ মিনিটে। তরুণ ফরোয়ার্ড ইরানকুন্ডার চমৎকার এক গোলে প্রথম লিড নেয় তারা। তবে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তুরস্ক। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আর্দা গুলার, কেনান ইয়িলদিজ ও হাকান চালহানওগলুর ত্রিমুখী আক্রমণে অস্ট্রেলিয়ার রক্ষণভাগকে স্তব্ধ করে দেয় তুর্কিরা। বিশেষ করে আকতুরকোগলুর দুর্দান্ত ভলি এবং চালহানওগলুর বিপজ্জনক ফ্রি-কিক গোলের সম্ভাবনা তৈরি করলেও, পোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো অজি গোলরক্ষক পি বিচ একের পর এক চোখধাঁধানো সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন।

তুরস্ক যখন সমতায় ফিরতে মরিয়া, ঠিক তখনই ৭৫ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কনর মেটকাফ। দ্রুতগতির এক প্রতি-আক্রমণ থেকে মেটকাফের নেওয়া নিখুঁত শটটি ঠেকাতে ব্যর্থ হন তুরস্কের গোলরক্ষক উগুরজান চাকির। ফলে ব্যবধান দ্বিগুণ করে অস্ট্রেলিয়া। ম্যাচের শেষ মুহূর্তে তুরস্ক একের পর এক আক্রমণ চালিয়েও অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙতে পারেনি। মূলত কাউন্টার অ্যাটাক নির্ভর কৌশলী ফুটবল খেলে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

/এমএকে/