শিরোনাম

কেনেডি সেন্টার থেকে মুছে ফেলা হলো ট্রাম্পের নাম

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
কেনেডি সেন্টার থেকে মুছে ফেলা হলো ট্রাম্পের নাম
জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের বহির্ভাগ থেকে অপসারণ করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের বহির্ভাগ থেকে অপসারণ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম।

শনিবার (১৩ জুন) ফেডারেল আদালত নাম পরিবর্তনের বিষয়টিকে অবৈধ ঘোষণার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেনেডি সেন্টারের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা বলেন, ডোনাল্ড ট্রাম্পের নামসংবলিত ভবন ও প্রাঙ্গণের সব ধরনের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। ওয়াশিংটন সময় শনিবার দুপুরের দিকে ভবনের বাইরের অংশে থাকা সাইনটি এখনও সাদা ত্রিপল দিয়ে ঢাকা ছিল, কারণ ট্রাম্পের নাম অপসারণের কাজ চলছিল।

এর আগে, শুক্রবার (১২ জুন) রাতে শিল্পকলা কেন্দ্রটির বাইরে উৎসুক জনতা জড়ো হয়। কর্মীরা যখন সাইনবোর্ড খুলে ফেলার জন্য মাচা স্থাপন করছিলেন, তখন উপস্থিত অনেকে উল্লাস প্রকাশ করেন। একই সঙ্গে হাজারো মানুষ সরাসরি সম্প্রচারের মাধ্যমে দূর থেকে ঘটনাটি পর্যবেক্ষণ করেন।

কেনেডি সেন্টারের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা এক বিবৃতিতে বলেন, বজ্রসহ বৃষ্টির কারণে শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কাজটি বিলম্বিত হয়েছিল। তিনি জানান, কাজটি শনিবার ভোরের দিকে সম্পন্ন হওয়ার কথা ছিল।

গত মে মাসে এক রায়ে মার্কিন ডিসট্রিক্ট জাজ ক্রিস কুপার শুক্রবারের মধ্যে ওয়াশিংটনের এই ঐতিহাসিক ভবন থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলার নির্দেশ দেন। ২৯ মে’র সেই রায়ে বিচারক কুপার বলেন, জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের নাম পরিবর্তনের ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের রয়েছে।

রায়ের পর চলতি সপ্তাহের শুরুতেই ওয়েবসাইট থেকেও ট্রাম্পের নাম সরিয়ে দেয় কেনেডি সেন্টার।

/এসবি/