শিরোনাম

মাঠ থেকে বহুদূরে আসন, দাম ১৪০ কোটি টাকা!

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মাঠ থেকে বহুদূরে আসন, দাম ১৪০ কোটি টাকা!
যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম। ফাইল ছবি

আসন্ন ফুটবল বিশ্বকাপে মাঠের বাইরে যে ইস্যু সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে সেটি হলো টিকিটের আকাশছোঁয়া দাম। পুনঃবিক্রির জন্য বাজারে তোলা ফাইনালের একটি সাধারণ টিকিটের দাম ধরা হয়েছে ১ কোটি ১৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় ১৪০ কোটি টাকার বেশি!

এত দামের টিকিটে ভিআইপি প্রবেশাধিকার থাকছে ভাবলে ভুল হবে। বাড়তি কোনো সুবিধাও নেই। এমনকি এই টিকিট যে আসনের, সেটাও স্টেডিয়ামের অন্যতম বাজে জায়গায়, মানে মাঠ থেকে অনেক অনেক দূরে।

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই হবে ফাইনাল। সাড়ে ৮২ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামের ৩০৭ নম্বর ব্লকের ২২তম সারির ১২ নম্বর সিটের দাম এবারের বিশ্বকাপের সর্বোচ্চ।

নিউইয়র্ক জায়ান্টস ও টাম্পা বে বুকানিয়ার্সের মধ্যকার এনএফএল ম্যাচ চলাকালে স্টেডিয়াম ভিউয়িং ওয়েবসাইট ‘এ ভিউ ফ্রম মাই সিট’ এর একটি ছবি থেকে আসন্ন বিশ্বকাপের এই আসন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। একেবারে মাঠের বাঁ পাশের কর্নার থেকে অনেক উপরের দিকে এই আসনের অবস্থান।

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফিফা। গত সপ্তাহে ফিফার নিজস্ব রিসেল প্ল্যাটফর্ম ফিফা মার্কেটপ্লেসে নিউইয়র্কে ১৯ জুলাইয়ের ফাইনালের চারটি টিকিটের দাম প্রতিটি ২০ লাখ ডলারেরও বেশি দেখানো হয়। বেভারলি হিলসে অনুষ্ঠিত মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে কথা বলতে গিয়ে ইনফান্তিনো বলেন, এই অস্বাভাবিক উচ্চমূল্য আসলে বিশ্বকাপ দেখার ব্যাপক চাহিদার প্রতিফলন।

এদিকে ২০২২ সালে ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য ছিল প্রায় ১৬০০ ডলার, যেখানে ২০২৬ সালে ফাইনালের সর্বোচ্চ মূল্যের টিকিটের আসল দাম প্রায় ১১০০০ ডলার।

তবে ইনফান্তিনো দাবি করেন, এই মূল্যবৃদ্ধি যৌক্তিক। তিনি বলেন, “আমাদের বাজারের দিকটা দেখতে হবে। এটি বিশ্বের সবচেয়ে উন্নত বিনোদন বাজার। তাই আমাদের বাজারদর অনুযায়ী মূল্য নির্ধারণ করতে হবে।’

/টিই/