শিরোনাম

রাশিয়ায় ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

কিশোরগঞ্জ সংবাদদাতা
রাশিয়ায় ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত
রিয়াদ রশিদ। ছবি: সংগৃহীত

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রিয়াদ রশিদ। তিনি করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াদ রশিদ ২০২৪ সালের অক্টোবরে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে রাশিয়ায় যান। পরে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে আরও কয়েকজন বাংলাদেশি কর্মরত আছেন।

নিহতের চাচাতো ভাই জহিরুল ইসলাম জানান, গত ২৮ এপ্রিল পরিবারের সঙ্গে রিয়াদের শেষ যোগাযোগ হয়। এরপর ২৯ এপ্রিল রাত পর্যন্ত তাকে অনলাইনে সক্রিয় দেখা গেছে। পরে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাশিয়ায় থাকা তার সহকর্মী লিমন দত্ত পরিবারের কাছে মৃত্যুর খবর জানান।

সহকর্মী লিমন দত্ত জানান, গত ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই বাংলাদেশি ও একজন নাইজেরিয়ান সেনা নিহত হন। আহত হন আরও তিনজন।

এ সময় তিনিও একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত রিয়াদ রশিদের মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় রয়েছে পরিবার।

রিয়াদের বাবা আবদুর রশিদ বলেন, আমার ছেলে সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি আমাকে জানায়নি।জানলে কখনোই তিনি অনুমতি দিতেন না। ছেলের মরদেহও পাচ্ছি না, এমন কষ্ট কীভাবে সহ্য করব।

জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম জানান, রিয়াদ খুবই ভালো স্বভাবের ছেলে ছিলেন এবং সবার সঙ্গে তার সুসম্পর্ক ছিল।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এমরানুল কবির জানান, পুলিশ ঘটনাটি জানার পর রিয়াদের বাড়িতে যায় এবং পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা বলেন, মরদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারকে সহায়তা করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

/এসআর/