শিরোনাম

ইন্দোনেশিয়ায় ৩ শতাধিক বিদেশি নাগরিক গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ইন্দোনেশিয়ায় ৩ শতাধিক বিদেশি নাগরিক গ্রেপ্তার
ক্লজ: সিটিজেন গ্রাফিক্স

ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে ৩২১ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (৯ মে) জাকার্তার একটি অফিস ভবন থেকে ভিয়েতনামি নাগরিকদের সমন্বয়ে গঠিত এ বিশাল অপরাধী চক্রটিকে আটক করা হয়। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবৈধ জুয়া এবং আন্তর্জাতিক অপরাধী চক্র নির্মূলে কর্তৃপক্ষের চলমান তৎপরতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ভিয়েতনামের ২২৮ জন, চীনের ৫৭ জন, মিয়ানমারের ১৩ জন, লাওসের ১১ জন, থাইল্যান্ডের ৫ জন এবং কম্বোডিয়ার ৩ জন নাগরিক রয়েছেন। দুই মাস ধরে একটি অফিস ভবন থেকে তারা এ অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ইন্দোনেশীয় পুলিশ বাহিনীর অপরাধ তদন্ত ইউনিটের পরিচালক উইরা সত্য ত্রিপুত্র এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৭৫ জনের বিরুদ্ধে দেশটির কঠোর জুয়া সংক্রান্ত ফৌজদারি আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ৯ বছরের কারাদণ্ড হতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের অধিকাংশ জুয়ার ব্যবসা চালানোর উদ্দেশ্যেই ইন্দোনেশিয়ায় এসেছিলেন এবং তাদের মূল লক্ষ্য ছিল মূলত বিদেশি গ্রাহকরা।

এদিকে ইন্টারপোল ইন্দোনেশিয়ার কর্মকর্তা উনতুং উইদিয়াতমোকো জানিয়েছেন, অনলাইন জুয়ার কার্যক্রমগুলো সাম্প্রতিক সময়ে কম্বোডিয়ার বিভিন্ন শহর থেকে ইন্দোনেশিয়ায় স্থানান্তরিত হওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। উল্লেখ্য, এই অভিযানের মাত্র একদিন আগেই শুক্রবার (৮ মে) দেশটির অভিবাসন কর্তৃপক্ষ বাতাম দ্বীপ থেকে অনলাইন বিনিয়োগ কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে আরও ২১০ জন বিদেশিকে গ্রেপ্তার করেছিল। মাত্র দুই দিনের ব্যবধানে বিপুল সংখ্যক বিদেশি নাগরিক গ্রেপ্তারের এ ঘটনা দেশটিতে আন্তর্জাতিক সাইবার অপরাধ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/