শিরোনাম

নিউজিল্যান্ড সিরিজে ফিরবেন সাকিব, আশা ফাহিমের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ড সিরিজে ফিরবেন সাকিব, আশা ফাহিমের
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করতে দেখা গেছে ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে বিসিবি কর্মকর্তাদের। গুঞ্জন আছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে মাঠে ফিরতে পারেন সাকিব।

এবার বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়াম্যান নাজমুল আবেদীন ফাহিম বললেন, তিনি আশাবাদী কিউইদের বিপক্ষে মাঠে ফিরবেন সাকিব।

একটি গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘সাকিবকে নিয়ে আইনগত যেসব কাজ পরিচালিত হচ্ছে...বেশ দ্রুততার সাথে হচ্ছে, আমি যতটুকু দেখছি। আমি যতটুকু জানি, সেই প্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে হয়তো আমারা সামনে কিছুদিনের মধ্যেই দেখতেও পারি সাকিব দেশে ফিরে এসেছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ফরম্যাটে সিরিজ হবে। সাকিব এর আগে এক পডকাস্টে বলেছেন, তিনি কোনো ফরম্যাট থেকে অবসর নেননি। বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার দলে ফিরলে কতদিন খেলবেন বা কোন ফরম্যাটে খেলবেন তা নির্বাচকদের হাতে ছেড়ে দিয়েছেন ফাহিম।

তিনি বলেন, ‘সে (সাকিব) কতদিন খেলবে বা কোন ফরম্যাটে খেলবে সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচকদের ব্যাপার থাকবে, টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে, সাকিবের নিজের মতামত থাকবে, ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে আমাদের।’

আগামী মাসের ১৭, ২০ ও ২৩ তারিখ হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ওয়ানডে ম্যাচগুলো। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে।

/টিই/